রবিবার
৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে এক রাতেই তিন খুন, রক্ষা পায়নি দেড় বছরের শিশুও

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৬, ১১:১৬ এএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

মানিকগঞ্জে পৃথক দুটি ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত সদর ও দৌলতপুর উপজেলায় ঘটে এসব দুর্ঘটনা। এ সময় আরও একজন গুরুতর আহত হন।

জেলার সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল গ্রামের বাসিন্দা মোনসেরের ছেলে মোঃ সজিব (২৮) শনিবার গভীর রাতে নিহত হন।

জানা যায়, উত্তর পুটাইল এলাকার বাসিন্দা লুৎফর রহমানের বাড়িতে অবস্থানকালে পূর্ব শত্রুতার জেরে রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে ১০০ থেকে ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল সেখানে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সজিবকে হত্যা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনি কার্যক্রম সম্পন্ন করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে শনিবার রাত ১০টার দিকে জেলার দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ আমেনা (২৮) ও তাঁর দেড় বছর বয়সী ছেলে আসওয়াদ নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ ইউসুফ মোল্লা (৩৫) তাঁর বড় ভাই সালাম মোল্লা (৪০) ও ভাবি আমেনার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে আমেনা ও শিশু আসওয়াদের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। ঘটনাস্থলে একটি দা ও হাতুড়ি পড়ে থাকতে দেখা যায়।

পরে রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় সালাম মোল্লার ওপরও হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, পারিবারিক বিরোধের জেরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। মরদেহ উদ্ধারসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

জেলায় এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহলের নাগরিকরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন