

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার সুজুকি কর্নার সংলগ্ন দারুল আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে এক বৃদ্ধা ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) সন্ধ্যায় মরদেহগুলো উদ্ধার করা হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহতরা হলেন বেবি (৬৫), তার নাতি মুস্তাকিম (৭) ও শামীম (১২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে বাসার দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতরে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উৎসুক জনতার ভিড় জমে। স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকে রাকিব খান নামে এক যুবককে এলাকায় দেখা যাচ্ছে না। তবে তার সঙ্গে এ ঘটনার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ জানায়, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সেগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
রহস্যজনক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।