

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থীর পোস্টার লাগাতে গিয়ে মোঃ রতন (২৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরপাতা ইউনিয়ন এলাকার গাজিনগর বাজারে।
মঙ্গলবার (২৬ মে) রাত ১২টায় নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রতন চরপাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বোয়াডার বাজার এলাকার রাড়ী বাড়ির দিনমজুর মনির হোসেনের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন ভাই ও এক বোন রেখে গেছেন।
নিহতের পরিবারের দাবি, মঙ্গলবার রাত ১০টার দিকে বৃষ্টির মধ্যেই গাজিনগর বাজারে চরপাতা ইউনিয়নের বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী বিল্লাল কবিরাজ-এর পোস্টার লাগাতে যান রতন। এ সময় তার সঙ্গে ছিলেন গ্রামপুলিশ জসিম, বিএনপি কর্মী মোঃ রুবেল ও মোঃ রাশেদ।
পরিবারের সদস্যরা জানান, রাত প্রায় ১২টার দিকে মোবাইল ফোনে তারা খবর পান যে, পোস্টার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে রতনের মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ হাসপাতাল থেকে রতনের মরদেহ থানায় নিয়ে যায়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আমিন পাটোয়ারী বলেন, “রতনকে গাজিনগর এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তবে এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী বিল্লাল কবিরাজ কোনো মন্তব্য করতে রাজি হননি।
মঙ্গলবার রাতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জান্নাত আক্তার বলেন, “রতনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্নও নেই। শুধু নাক দিয়ে রক্ত পড়তে দেখা গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এদিকে শাহীন মিয়া বলেন, “ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড।”