মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে বাড়ি ফেরা হলো না, প্রাণ গেল সন্তানসহ মা-বাবার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৩:০১ পিএম
নিহত বাবা-মা ও শিশু সন্তান
expand
নিহত বাবা-মা ও শিশু সন্তান

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উজিরপুর উপজেলার আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯) তার স্ত্রী মনিরা বেগম এবং শিশু কন্যা জান্নাত আক্তার।

দুর্ঘটনার পরপরই বাসটি ভাঙচুর করেছে স্থানীয় জনতা। তবে চালক-হেলপার কৌশলে পালিয়ে গেছে।

অন্যদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত তিনজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় আনন্দ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই বাইকে থাকা তিনজনই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, মোটরসাইকেলে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে উজিরপুরের দিকে যাচ্ছিলেন ফিরোজ মাহমুদ।

পথিমধ্যে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেল থামিয়ে রাখেন। এসময় তাজ আনন্দ পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন বলেন, দুর্ঘটনাকবলিত বাস জব্দ করা হয়েছে। যানজট নিরসনের চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন