

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এনপিবিতে সংবাদ প্রকাশের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটক থেকে সৈয়দ মুজতবা আলী হল পর্যন্ত অভ্যন্তরীণ সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আকবর আলীকে সঙ্গে নিয়ে সড়কটির প্রায় এক কিলোমিটার এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
উল্লেখ্য, গত ১ মে এনপিবিতে ‘খানা-খন্দে ভরা শাবিপ্রবির সড়ক, ঝাঁকুনিতে অতিষ্ঠ চলাচল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে প্রশাসনের তৎপরতা দেখা যায়।
পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী জানান, সরকারি বিধি অনুযায়ী ওপেন টেন্ডারের (দরপত্র) মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সড়ক সংস্কার কাজ শুরু করা হবে। এ বিষয়ে তিনি উপাচার্যকে আশ্বস্ত করেন।
ক্যাম্পাসের অন্যতম বড় এই সমস্যার দ্রুত সমাধানে গত সোমবার নবনিযুক্ত উপাচার্য সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেন এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের অনুরোধ জানান। উপাচার্যের তাৎক্ষণিক অনুরোধের পরিপ্রেক্ষিতেই আজ সিটি করপোরেশনের প্রকৌশলী দল ক্যাম্পাস পরিদর্শনে আসে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মোখলেসুর রহমান, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম এবং রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির। এছাড়া সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আকবর আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।