

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ আড়াই বছর পর ব্রাজিলের জাতীয় দলে ফিরেছেন নেইমার জুনিয়র। জাতীয় দলে ফিরলেও এ নিয়ে কম জল-ঘোলা হয়নি। তবে শেষ পর্যন্ত কোচ কার্লো আনচেলত্তির কঠিন শর্ত পূরণ করেই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি। এদিকে তাকে দলে রাখা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।
ব্রাজিলের সাবেক আন্তর্জাতিক গোলকিপার ওয়াগনার ফার্নান্দো ভেলোসো বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে নেইমারকে রাখার সিদ্ধান্তকে অযৌক্তিক বলে অ্যাখ্যা দিয়েছেন। সান্তোস তারকার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুললেন তিনি।
সম্প্রতি ‘নোভাব্রাজিল এম কাম্পো’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে সাবেক এই ফুটবলার বলেন, ‘আমি বিশ্বকাপের জন্য নেইমারকে ডাকতাম না। নেইমারকে নেওয়া ও পেদ্রোকে বাদ দেওয়া ফুটবল ইতিহাসের এক চরম অযৌক্তিক সিদ্ধান্ত। পেদ্রো সব টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। আর নেইমার যেখানে রেকোলেতার বিপক্ষেই খেলতে পারে না, সেখানে সে বিশ্বকাপ দলে।’
ভেলোসোর দাবি, ফিটনেসের প্রমাণ দিতে সান্তোস তারকা বেছে বেছে ম্যাচ খেলেছেন। তার কথা, ‘নেইমার বেছে বেছে ম্যাচ খেলেছে। সে পালমেইরাস, ফ্লামেঙ্গো ও বাহিয়ার বিপক্ষে খেলেনি। কিন্তু সে রেকোলেতা, রেড বুল ব্রাগান্তিনোর বিপক্ষে খেলেছে... শুধুমাত্র দুর্বল দলগুলোর বিপক্ষে খেলে পার্থক্য তৈরির চেষ্টা করেছে। আর সেটাও সে পারেনি।’
