মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণ-রুপার দামে বড় পতন, দেশে ভরি কত?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৬:৪২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন করে উত্তেজনা বিশ্ববাজারে বড় প্রভাব ফেলেছে। তেলের দাম বাড়লেও উল্টো পথে হাঁটছে সোনা দেখা দিয়েছে উল্লেখযোগ্য দরপতন।

মঙ্গলবার (২৬ মে) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৫২১ দশমিক ৮০ ডলারে নেমে এসেছে। তবে জুন সরবরাহের চুক্তিতে গোল্ড ফিউচার্স প্রায় অপরিবর্তিত থেকে ৪ হাজার ৫২২ দশমিক ৫০ ডলারে স্থির রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেড সুদের হার আরও দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে এমন ধারণা বিনিয়োগকারীদের মধ্যে জোরালো হয়েছে।

অ্যাক্টিভট্রেডসের জ্যেষ্ঠ বিশ্লেষক রিকার্দো ইভাঞ্জেলিস্টা বলেন, তেলের দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির চাপ বাড়ছে, যা ফেডকে সুদের হার কমানোর পথ থেকে সরিয়ে দিতে পারে। আর উচ্চ সুদের পরিবেশে সোনার প্রতি বিনিয়োগ আগ্রহ কমে যায়, কারণ সোনা থেকে সরাসরি কোনো সুদ বা মুনাফা পাওয়া যায় না।

বর্তমানে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র-ইরান পরিস্থিতির অগ্রগতি এবং চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের পিইসি মূল্যস্ফীতির তথ্যের দিকে নজর রাখছেন।

এদিকে বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান ইউবিএস বছরের শেষ নাগাদ সোনার দাম আউন্সপ্রতি ৫ হাজার ৫০০ ডলারে থাকার পূর্বাভাস দিলেও আগের লক্ষ্যমাত্রা থেকে তা ৪০০ ডলার কমিয়েছে। তবে দীর্ঘমেয়াদে ঋণের চাপ, যুক্তরাষ্ট্রের রাজস্ব ঘাটতি এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভ বহুমুখীকরণের কারণে সোনার কৌশলগত গুরুত্ব বজায় থাকবে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট সিলভার ২ দশমিক ৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৭৬ দশমিক ০৩ ডলার, প্লাটিনাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৯৪৫ দশমিক ৮৫ ডলার এবং প্যালাডিয়াম ১ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ৩৭৪ দশমিক ০৬ ডলারে নেমে এসেছে।

দেশীয় বাজারে স্বর্ণের দাম: বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় বিক্রি হচ্ছে।

দেশীয় বাজারে রুপার দাম: ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫৫৮ টাকায় নির্ধারণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন