শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী র‍্যাব ক্যাম্পে সদস্যের রহস্যজনক মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ এএম আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ এএম
expand
পটুয়াখালী র‍্যাব ক্যাম্পে সদস্যের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীতে র‍্যাব-৮ সিপিসি-১ ক্যাম্পে মনিরুজ্জামান (৩০) নামে এক সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্যারাক থেকে অচেতন অবস্থায় উদ্ধার করার পর পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মনিরুজ্জামান খুলনার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে। তিনি স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে নিজ গ্রামে পরিবারসহ বসবাস করতেন।

সহকর্মীদের সূত্রে জানা গেছে, সকালে ডিউটি শেষ করে বিশ্রামের জন্য ব্যারাকে যান মনিরুজ্জামান। জোহরের নামাজের সময় ঘুম থেকে না ওঠায় সহকর্মীরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

র‍্যাব-৮ (বরিশাল) সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান জানান, মনিরুজ্জামান ছিলেন শান্ত স্বভাবের ও ধর্মপ্রাণ সদস্য।

তিনি সকালে ডিউটি শেষে সহকর্মীদের বলেছিলেন, জোহরের নামাজের সময় যেন তাকে ডেকে দেয়া হয়। পরে ডাকার পরও কোনো সাড়া না মেলায় হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন