

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড় থেকে আঠারবাড়ী আঞ্চলিক সড়কের নয়শিমুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার নির্মাণকাজ দীর্ঘ পাঁচ বছরেও শেষ হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, যাত্রী ও রোগীসহ হাজারো মানুষ।
রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে মঙ্গলবার (৮ অক্টোবর) ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড়ে সর্বস্তরের জনসাধারণ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০–২১ অর্থবছরে ঈশ্বরগঞ্জ থেকে আঠারবাড়ী পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক নির্মাণের দায়িত্ব পায় ‘তাহের ব্রাদার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে প্রায় ১২ কিলোমিটার কাজ শেষ হলেও, ঈশ্বরগঞ্জ চৌরাস্তা থেকে নয়শিমুল পর্যন্ত দুই কিলোমিটার এবং সোহাগী বাজার রেলক্রসিং থেকে বগাপুতা পর্যন্ত এক কিলোমিটার কাজ চার বছর ধরে বন্ধ রয়েছে।
এখন ওই তিন কিলোমিটার রাস্তা ভরে গেছে গর্তে, খানাখন্দে; বৃষ্টি হলেই কাদা-পানিতে তলিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, এখন এই পথে হাঁটা-চলা করাই কষ্টকর, যানবাহন চলাচল তো দূরের কথা।
এ অবস্থার প্রভাব পড়েছে স্বাস্থ্যসেবায়ও। ঈশ্বরগঞ্জ ৫০ শয্যা হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইন বলেন, “রাস্তার বেহাল অবস্থার কারণে হাসপাতালে রোগীর সংখ্যা ৩৫ শতাংশ কমে গেছে। আগে প্রতিদিন গড়ে ৫০০ জন রোগী চিকিৎসা নিতে আসতেন, এখন তা নেমে এসেছে ৩০০ জনে।”
মানববন্ধনে অংশ নিয়ে সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবীর শাহীন বলেন, “ঈশ্বরগঞ্জ মোড় থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তা এখন এমন অবস্থায় যে কোনো পরিবহন রোগী নিতে চায় না। আমরা সাত দিনের মধ্যে সংস্কারকাজ শুরুর দাবি জানাচ্ছি, নইলে বৃহত্তর আন্দোলন ঘোষণা দেওয়া হবে।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা সভাপতি মুফতি হাবিবুল্লাহসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা, ব্যবসায়ী, শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
ঈশ্বরগঞ্জ সওজ-এর উপসহকারী প্রকৌশলী আব্দুস সালাম বলেন, “সড়কের ভূমি অধিগ্রহণের ৮ ধারা কার্যক্রম শেষ হয়েছে। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করা যাবে।”
স্থানীয়দের দাবি, বারবার আশ্বাস মিললেও কাজ শুরু না হওয়ায় তাঁদের ভোগান্তি বেড়েই চলেছে।
মন্তব্য করুন