

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ও গলাচিপা সদর ইউনিয়নের মধ্যবর্তী সংযোগ সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সেতুর মাঝখানে বড় ধস দেখা দিয়েছে, ফলে এটি এখন প্রায় চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এতে প্রতিদিন হাজারো পথচারী, শিক্ষার্থী ও যানবাহনচালক চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
স্থানীয় রিকশাচালক জয়নাল বলেন, “ব্রিজটি এখন ভেঙে পড়েছে। আগে গাড়ি নিয়ে এপার-ওপার যেতাম, এখন আর পারি না।”
এলাকাবাসীরা জানান, বছরের পর বছর সেতুটি নড়বড়ে অবস্থায় থাকলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে সেতুটি আরও দেবে যায়, তখন দুর্ঘটনার আশঙ্কা কয়েকগুণ বেড়ে যায়।
পানপট্টি ইউনিয়নের বাসিন্দা মো. সাইমুন বলেন, “বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান একসময় এই সেতুটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন, যাতে আমরা সহজে গলাচিপা শহরে যেতে পারি। কিন্তু এখন এটি ভেঙে গেছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয়।”
স্থানীয় দোকানি হালিম পাহলান বলেন, “এই ব্রিজ দিয়েই বাজারে যাওয়া-আসা করি। যখন ব্রিজটি তৈরি হয়েছিল তখন খুব খুশি হয়েছিলাম। এখন ব্রিজ দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারে না।”
এ বিষয়ে গলাচিপা সদর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা বলেন, “এই সেতুটি আমাদের দায়িত্বের আওতায় নয়, এটি এলজিইডির তত্ত্বাবধানে রয়েছে।”
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গলাচিপা শাখার নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম এনপিবিকে জানান, “আমরা সেতুটির বর্তমান অবস্থা সম্পর্কে অবগত আছি এবং ইতোমধ্যে এটি পুনর্নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে।”
মন্তব্য করুন