শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়, যুবক গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মফিজের ভাতিজির ছবি অশ্লীলভাবে এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগে রাতুল তালুকদার (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত রাতুল তালুকদার কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার নথের পেটুয়া এলাকার শাহিন তালুকদারের ছেলে।

বুধবার দুপুরে উপজেলার মুরাপাড়া কলেজ মাঠ থেকে তাকে আটক করে শিক্ষার্থীর স্বজনরা পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় শিক্ষার্থীর চাচা নজরুল ইসলাম মফিজ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ জানান, তিনি পুরো পরিবার নিয়ে উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় বসবাস করেন। তার ভাতিজি ওয়ারিশা আক্তার (১৩) সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত। কিছুদিন আগে কুমিল্লার রাতুল তালুকদার নামে এক যুবকের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়ারিশার পরিচয় হয়। রাতুল কৌশলে ওয়ারিশার মোবাইল ফোন হ্যাক করে ফোনের সব তথ্য নিয়ে নেয়।

চলতি বছরের ১৫ সেপ্টেম্বর রাতুল জানায়, তার কাছে ওয়ারিশার সব ব্যক্তিগত তথ্য রয়েছে। যদি তাকে দুই লাখ টাকা না দেওয়া হয়, তবে ওয়ারিশার ছবি অশ্লীলভাবে এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। মান-সম্মান রক্ষায় বাড়ির কাউকে না জানিয়ে ওয়ারিশা এক লাখ টাকা রাতুলকে দেয়। পরে ৭ অক্টোবর রাতুল আবারও ৫০ হাজার টাকা দাবি করলে ওয়ারিশা সাড়ে চার ভরি স্বর্ণের হার দিয়ে দেয়।

এরপরও রাতুল আরও টাকা দাবি করলে উপায় না পেয়ে ওয়ারিশা বিষয়টি পরিবারকে জানায়। পরিবারের পরামর্শে বুধবার সকালে ওয়ারিশা টাকা নিতে রাতুলকে মুরাপাড়া কলেজে আসতে বলে। দুপুরে রাতুল টাকা নিতে এলে ওয়ারিশার চাচা নজরুল ইসলাম মফিজসহ পরিবারের সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, “শিক্ষার্থীর পরিবার ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা আদায়ের বিষয়ে আমাদের জানায়। আমরা কৌশলে ওই যুবককে পুনরায় টাকা নিতে আসার জন্য বলতে বলি। পরে সে টাকা নিতে এলে পরিবারের সদস্যরা নাটক করে আমাদের হাতে সোপর্দ করে। তাকে গ্রেফতার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন