

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষায় সারাদেশের মতো ফরিদপুরেও শুরু হতে যাচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি।
আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী এই কর্মসূচিতে জেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৫ লাখ ২৭ হাজার ৯৮৮ জন শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।
এই উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের অংশগ্রহণে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয় এবং টাইফয়েড জ্বরের ঝুঁকি ও প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, “শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের এই উদ্যোগ সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলার ৯টি উপজেলায় প্রায় ৫ লাখ ২৮ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অভিভাবক ও জনপ্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধি পেলে কোনো শিশুই টিকার বাইরে থাকবে না।”
সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, “টাইফয়েড জ্বর দেশে একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। বিশেষ করে শিশুদের মধ্যে এর প্রাদুর্ভাব ও জটিলতা বেশি। এই রোগ প্রতিরোধে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) কার্যকর ও নিরাপদ। এক ডোজ ইনজেকটেবল এই টিকা শিশুকে দীর্ঘদিনের জন্য সুরক্ষা দেবে।”
সভায় ইউনিসেফের বরিশাল বিভাগীয় প্রধান আনোয়ার হোসেন জানান, জাতীয় এই কর্মসূচিতে ইউনিসেফ কারিগরি ও কৌশলগত সহায়তা দিচ্ছে। তিনি সাংবাদিকদের আহ্বান জানান, জীবনরক্ষাকারী এই টিকার বার্তা যেন সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ক্যাম্পেইনের প্রথম ১০ দিন জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে (প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত) শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। পরবর্তী ৮ দিন বিদ্যালয়ে অনুপস্থিত বা বিদ্যালয়-বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের ইপিআই কেন্দ্রগুলোতে (স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক) টিকা প্রদান করা হবে।
টিকা নিতে ১৭-সংখ্যার জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে। তবে নিবন্ধন না থাকলেও কোনো শিশুকে টিকা থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন