

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে চাঁদা না দেওয়ার অভিযোগে একটি বিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মকবুল হোসেন ভুট্টো।
স্থানীয়দের বরাতে জানা যায়, দিগপাইত ইউনিয়নের সাইফুল ইসলাম মেধা সিঁড়ি মডেল স্কুলের কর্তৃপক্ষের কাছে গত কয়েকদিন ধরে অর্থ দাবির বিষয়টি তুলে ধরেন মকবুল হোসেন।
কিন্তু স্কুলের পক্ষ থেকে অর্থ দিতে অস্বীকৃতি জানানো হলে সোমবার (৬ অক্টোবর) তিনি ক্ষোভ প্রকাশ করে বিদ্যালয়ের প্রধান গেটে তালা লাগিয়ে দেন।
ফলে মঙ্গলবার সকালে স্কুলে আসা শিক্ষার্থীরা প্রবেশ করতে না পেরে বিভ্রান্ত হয়ে পড়ে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
পরদিন (৭ অক্টোবর) সকালেই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে বিদ্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে তালা লাগানোর মতো ঘটনা শিক্ষাবিরোধী ও অনভিপ্রেত। তারা দ্রুত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠানকে এভাবে অবরুদ্ধ করা সম্পূর্ণ অনৈতিক ও অমানবিক। আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রত্যাশা করছি।”
অভিভাবকরা অভিযোগ করেন, এ ধরনের আচরণ শিক্ষার্থীদের মধ্যে ভয়ভীতির সৃষ্টি করছে এবং পাঠদানের পরিবেশ নষ্ট করছে।
এ বিষয়ে অভিযুক্ত মকবুল হোসেন ভুট্টোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ (কাউসার) বলেন, “ঘটনাটি নজরে এসেছে। দলীয় শৃঙ্খলার প্রশ্নে বিষয়টি যাচাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহিদ পিংকি বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন
