

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাগেরহাটের যাত্রীবাহী বাসের চাপায় আছাদুর রহমান নামে এক শিক্ষক নিহত হয়েছেন। প্রতিবাদে ২ ঘণ্টা সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
বুধবার (৮ অক্টোবর) সকালে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছাদুর রহমান দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের বাসিন্দা এবং বর্তমানে কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে ভাড়া থাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোরেলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা দোলা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী আছাদুরকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
বাসটি সড়কের খাদে পড়ে যায় এবং চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শিক্ষক মারা যাওয়ার খবর পেয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বাসটি ভাঙচুর করেন। পরে স্থানীয়দের মধ্যস্থতায় ঘণ্টা দুয়েক পর বেলা ১১টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজুস কুমার সাহা বলেন, ‘প্রতিদিনের মতো মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসছিলেন। বাসের চাপায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করা হয়।’ কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। কাটাখালি হাইওয়ে থানার র্যাকার খবর দেয়া হয়েছে।
র্যাকার আসলে বাস খাদ থেকে সরিয়ে থানায় নেয়া হবে। বাস চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন
