শুক্রবার
১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের ঐতিহ্য পুনরুদ্ধার করতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৭:২৬ পিএম
সুলতান সালাউদ্দিন টুকু
expand
সুলতান সালাউদ্দিন টুকু

সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, টাঙ্গাইলকে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তুলতে হলে জেলার ঐতিহ্য ও সংস্কৃতিকে পুনরুদ্ধার করতে হবে। সংস্কৃতি চর্চার প্রসার ঘটলে সমাজে মানুষের ইতিবাচক অংশগ্রহণ বাড়বে এবং মাদক, সন্ত্রাস, অন্যায়-অবিচার ও অনিয়ম অনেকাংশে কমে আসবে।

শুক্রবার (১৫ মে) দুপুরে টাঙ্গাইল শহরের শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী টুকু বলেন, টাঙ্গাইলের রয়েছে দীর্ঘদিনের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও জোরদার করতে হবে। তিনি বলেন, “সাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠলে মানুষের মানসিক বিকাশ ঘটবে এবং সমাজ আরও সুন্দর ও মানবিক হবে।”

তিনি আরও বলেন, সাংস্কৃতিক চর্চার সুযোগ বৃদ্ধি করতে দ্রুততম সময়ের মধ্যে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী মিলনায়তন সংস্কার করে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, একটি সুন্দর, আধুনিক ও নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি এমন একটি টাঙ্গাইল গড়ে তোলার আহ্বান জানান, যেখানে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।

অনুষ্ঠানে কবি মতিয়ারা মুক্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, গীতিকার-সুরকার ও সংগীতশিল্পী ফিরোজ আহমেদ বাচ্চুসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

অনুষ্ঠান শেষে রবীন্দ্র ও নজরুল সংগীত, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন