

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই ছুটির মধ্যেও জরুরি সেবার সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম চালু থাকবে।
বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহের মতো জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা ছুটির আওতায় থাকবেন না।
এ ছাড়া ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী ও যানবাহন নিয়মিত দায়িত্ব পালন করবে। দেশের বন্দরগুলো সচল রাখতে সংশ্লিষ্ট সেবাখাতের কর্মীদেরও ছুটির বাইরে রাখা হয়েছে।
ঈদের ছুটির সময় হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা চালু থাকবে। ফলে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত যানবাহন এবং সংশ্লিষ্ট কর্মীরাও কাজ চালিয়ে যাবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি দায়িত্বে থাকা অন্যান্য সরকারি অফিসও এই সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ছুটির সময় ব্যাংকিং কার্যক্রম কীভাবে চলবে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক আলাদা নির্দেশনা দেবে। অন্যদিকে আদালতের কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।
বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান ও কল-কারখানার ছুটির বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সরকারি অফিসে টানা ছুটির সুবিধা দেওয়া হলেও এর পরিবর্তে আগামী ২৩ ও ২৪ মে (শনিবার ও রোববার) সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
