

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার তিতাস উপজেলায় বাংলাদেশ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত সরকারি জমি দখলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী ভূমিখেকো সিন্ডিকেট প্রশাসনের পূর্ব নির্দেশনা উপেক্ষা করে পুনরায় ডেজার মেশিন দিয়ে সরকারি জমিতে মাটি ভরাট শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিতাস থানাধীন বাতা কান্দি বাজারের পাশে সওজ বিভাগের অধিগ্রহণকৃত জমি দখলের উদ্দেশ্যে কয়েক মাস আগে প্রথম দফায় মাটি ভরাটের চেষ্টা চালানো হয়। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ওই কার্যক্রম বন্ধ হয়ে যায়।
একই সঙ্গে জমিটি সরকারি সম্পত্তি উল্লেখ করে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সেখানে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।
তবে অভিযোগ রয়েছে, গত দুই দিন আগে সংঘবদ্ধ একটি সিন্ডিকেট পুনরায় সওজ বিভাগের সাইনবোর্ড সরিয়ে ফেলে ডেজার মেশিন ব্যবহার করে মাটি ভরাট শুরু করে। এতে এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষ তিতাস থানা এবং তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নির্দেশনা এবং সরকারি সাইনবোর্ড উপেক্ষা করে প্রকাশ্যে জমি দখলের এ ধরনের কর্মকাণ্ডের পেছনে একটি প্রভাবশালী মহল কাজ করছে। তাদের প্রশ্ন, কোন ক্ষমতার বলে একটি সিন্ডিকেট বারবার সরকারি জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে?
এলাকাবাসী আরও জানান, অধিগ্রহণকৃত ভূমির আরএস ও এসএ রেকর্ডভুক্ত মালিকদের ওয়ারিশরা দীর্ঘদিন ধরে জমির ভোগদখলে থাকলেও নিজেদের অধিকার নিয়ে সামনে এলে তারা ভয়ভীতি ও হামলার আশঙ্কায় থাকেন।
সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।