সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে জানাজা শেষে লিমনের দাফন সম্পন্ন 

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৭:৫৪ পিএম
জানাজা শেষে লিমনের দাফন সম্পন্ন 
expand
জানাজা শেষে লিমনের দাফন সম্পন্ন 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তার অকাল মৃত্যুকে ঘিরে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার (৪ মে) জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে বাদ মাগরিব জানাজা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে, বিকেল ৩টা ১২ মিনিটে লিমনের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। শেষবারের মতো প্রিয়জনকে দেখতে ভিড় করেন শত শত মানুষ।

জানাজায় অংশ নিয়ে মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, উচ্চশিক্ষার উদ্দেশ্যে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে যাওয়া লিমনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার এ ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে এবং মরদেহ দেশে আনতে সর্বোচ্চ সহযোগিতা করেছে। দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিচারের আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এদিকে, নিহতের বাবা জহুরুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। সে খুবই ভালো ছেলে ছিল।”

লিমনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং তার হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্থানীয়রা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন