

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার চান্দিনা উপজেলায় রাতে পথে স্বামীর সঙ্গে থাকা এক নারীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী (২৭) এক সন্তানের জননী। ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাশের বরুড়া উপজেলা থেকে ওই দম্পতি রোববার রাত ৯টার দিকে অটোরিকশায় করে চান্দিনায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। রাত ১০টার দিকে মাদারখোলা এলাকায় পৌঁছালে যানটির চার্জ শেষ হয়ে যায়। পরে তাঁরা অটোরিকশা ঠেলে গন্তব্যের দিকে এগোচ্ছিলেন।
এ সময় মোটরসাইকেলে আসা তিন যুবক তাঁদের পথরোধ করে। অভিযোগ আছে, তারা দম্পতির সঙ্গে অসদাচরণ করে এবং ফোনে আরও দুজনকে ডেকে আনে। একপর্যায়ে নারীকে জোরপূর্বক কাছের একটি খেতে নিয়ে যাওয়া হয়। স্বামীকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
নারীর স্বামী জানান, তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও তাঁকে দূরে নিয়ে যাওয়া হয়। পরে সুযোগ পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে তাঁর স্ত্রীকে উদ্ধার করে।
ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, তাঁকে জোর করে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে। তিনি ঘটনার বিচার দাবি করেছেন।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনায় পাঁচজনের একটি দল জড়িত। তাদের মধ্যে দুজন সরাসরি ধর্ষণে অংশ নেয় এবং অন্যরা সহযোগিতা করে। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আশিক (৩১), মেহেদী হাসান ওরফে তারেক (২৪), মো. আরিফ (৩৪) ও মো. ইসমাইল (৩৭)। পুলিশ জানায়, ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেছেন। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। পলাতক আরেক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন