সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অপহরণ ও হত্যা মামলার ‘নিহত’ ভিকটিম ৭ বছর পর জীবিত উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৫:৩৩ পিএম
মোছাঃ আয়েশা খাতুন
expand
মোছাঃ আয়েশা খাতুন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চাঞ্চল্যকর এক ঘটনায়, অপহরণ ও হত্যা মামলার কথিত ‘নিহত’ ভিকটিম মোছাঃ আয়েশা খাতুন (১৭) নিখোঁজের দীর্ঘ সাত বছর পর জীবিত উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ মে) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ভোলাহাট-ঢাকা বাসস্ট্যান্ডের বিআরটিসি কাউন্টারের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ মে ভোলাহাট থানার খালেআলমপুর গ্রাম থেকে মোঃ আবুল হোসেনের মেয়ে আয়েশা খাতুন নিখোঁজ হন। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর তার মা আদুরী বেগম আদালতে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন (সিআর মামলা নং- ৯৫/২০২৩), যেখানে দণ্ডবিধির ৩৬৪/৩০২/১০৯ ধারায় অভিযোগ আনা হয়।

প্রাথমিকভাবে মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হলেও পরবর্তীতে সিআর ১৯৯/২০২৪ (ভোলা) নম্বর মামলা হিসেবে পুনরায় তদন্ত শুরু হয়। এতদিন যাকে মৃত ধরে মামলা চলছিল, সেই আয়েশাকে জীবিত উদ্ধার হওয়ায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আয়েশাকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই দীর্ঘ সময় তিনি কোথায় এবং কার সাথে ছিলেন—তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘ সাত বছর পর নিখোঁজ মেয়েকে ফিরে পেয়ে পরিবারের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে একই সঙ্গে হত্যা মামলার ভবিষ্যৎ, আইনি জটিলতা এবং আয়েশার এই দীর্ঘ অনুপস্থিতির পেছনের প্রকৃত কারণ নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন