সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধঘোষিত সংগঠনের গোপন বৈঠক, গ্রেফতার ১৪

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৪:২২ পিএম
নিষিদ্ধঘোষিত সংগঠনের ১৪ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। 
expand
নিষিদ্ধঘোষিত সংগঠনের ১৪ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। 

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি উত্তর) বিভাগের বিশেষ অভিযানে রাষ্ট্র ও সরকারবিরোধী কার্যকলাপ এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠনের ১৪ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (উত্তর) বিভাগের একটি চৌকস দল নগরীর হালিশহর থানাধীন নয়াবাজার বিশ্বরোড এলাকার এস.এস. টাওয়ারে অবস্থিত একটি রেস্টুরেন্টের পার্টি হলে অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠন হিসেবে পরিচিত ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’-এর সঙ্গে সম্পৃক্ত। অভিযানে সংগঠনটির প্রধান/প্রতিষ্ঠাতাসহ মোট ১৪ জনকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে শহিদুল ইসলাম নামে একজন দীর্ঘদিন ধরে একটি টেলিগ্রাম গ্রুপসহ ‘চট্টগ্রাম দক্ষিণ’, ‘চট্টগ্রাম উত্তর’ ও ‘ফেনী জেলা’ নামে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালনা করে আসছিলেন। এসব গ্রুপের মাধ্যমে রাষ্ট্রবিরোধী কার্যক্রম, নাশকতার পরিকল্পনা এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে কার্যক্রম চালানো হতো বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

পুলিশ আরও জানায়, অন্য গ্রেফতারকৃতরা এসব অনলাইন গ্রুপের সক্রিয় সদস্য এবং তারা শহিদুল ইসলামের আহ্বানে সাড়া দিয়ে গোপন বৈঠকে অংশ নেয়। বৈঠকের উদ্দেশ্য ছিল নাশকতা, জনসাধারণের ক্ষতিসাধন এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা।

অভিযানের সময় শহিদুল ইসলামের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে সেগুলো পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

চট্টগ্রাম মহানগর পুলিশের ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত একটি চক্রকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন