

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর মাধবদী পৌর এলাকার খরমুদ্দি মহল্লায় প্রেম সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম এবং পরবর্তীতে প্রতিশোধ হিসেবে চারটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (২৬ এপ্রিল) রাতে এই ভয়াবহ ঘটনা ঘটে।
আহত যুবক সাজ্জাদ হোসেন (২২) ওই এলাকার মাহতাব মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাজ্জাদ হোসেনের সঙ্গে একই এলাকার ফারজানা আক্তারের (১৭) প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তারা পালিয়ে গেলে মেয়ের পরিবার বিষয়টি মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং ফারজানাকে বাড়িতে ফিরিয়ে আনে।
রোববার সকালে ফারজানা আবারও প্রেমিকের কাছে চলে গেলে ক্ষুব্ধ হয়ে তার ভাই, চাচাসহ কয়েকজন সাজ্জাদের এলাকায় গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে সাজ্জাদের স্বজনরা ফারজানার বাবার বাড়িসহ তার চাচা ও ফুফুর মোট চারটি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। অভিযোগ রয়েছে, ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বাধাও দেওয়া হয়। ফলে আগুনে বাড়িগুলো আসবাবপত্রসহ পুড়ে যায়।
মাধবদী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হান জানান, স্থানীয় বাধার কারণে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, প্রেম সংক্রান্ত বিরোধ থেকেই এই সহিংসতার সূত্রপাত। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন