

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কালবৈশাখীর তাণ্ডবে। বিশেষ করে উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভুট্টা ক্ষেতসহ ফসলি জমি।
অনেক স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। অন্ধকারে ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা।
পাল্টাপুর ইউনিয়নের কৃষক রুবেল ইসলাম চলতি মৌসুমে ৭৫ শতাংশ জমিতে চাষ করেছিলেন ৩৩৫৫ জাতের ভুট্টা। ভালো ফলনের আশায় নিয়মিত পরিচর্যার পাশাপাশি জমিতে বিনিয়োগের পরিমাণও ছিল উল্লেখযোগ্য। কৃষিকাজের পাশাপাশি একটি কম্পিউটার ও স্টেশনারি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। সেখানে দেন অনলাইন সেবা। রুবেল ইসলাম জানান, ভুট্টা বিক্রি করে লাভের অর্থ দিয়ে দোকানের জন্য একটি নতুন কম্পিউটার ও মনিটর কেনার পরিকল্পনা ছিল। সেই আশায় ঋণ নিয়ে করেছিলেন চাষাবাদ। কিন্তু হঠাৎ কালবৈশাখীর আঘাতে সব পরিকল্পনা ভেস্তে গেল তার। গত ২৫ এপ্রিল রাতে বৃষ্টি বলয়ের প্রভাবে সৃষ্ট এই ঝড়ে প্রবল দমকা হাওয়ায় ক্ষেত-খামার, গাছপালা ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়। অনেক এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে প্রায় ২২০ হেক্টর জমির ভুট্টা গাছ ঝড়ে হেলে পড়েছে।
ঝড়বৃষ্টি পুরোপুরি থামার পর মাঠপর্যায়ে নিরূপণ করা হবে বিস্তারিত ক্ষয়ক্ষতি। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য।
মন্তব্য করুন