

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল রাখবে নির্বাচিত সরকার। পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য নির্ধারিত সময়েই খোলা রাখা হবে সেন্ট মার্টিন দ্বীপ। তিন মাসের অধিক সময় পর্যটন চালু থাকলে সেন্ট মার্টিন দ্বীপের অস্তিত্ব বিপন্ন হবে বলে মনে করছে সরকার।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া লিখিত বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। জানান, বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় পর্যটন বন্ধ রাখায় সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্যে ইতিবাচক পরিবর্তন এসেছে।
সরকারের বর্তমান নীতিমালা অনুযায়ী, বছরে মাত্র তিন মাস (নভেম্বর থেকে জানুয়ারি) দ্বীপটি পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেখানে ভ্রমণের অনুমতি পান। বাকি নয় মাস দ্বীপে পর্যটন কার্যক্রম বন্ধ থাকে।
মন্ত্রী বলেন, গবেষণার ভিত্তিতে দেখা গেছে, দীর্ঘ সময় পর্যটন বন্ধ থাকায় দ্বীপটি প্রাকৃতিকভাবে পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছে। তাই এই সীমিত সময়ের নীতি বজায় রাখা জরুরি। আমাদের গর্বের সেন্ট মার্টিন দ্বীপের অস্তিত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণের এই ব্যবস্থা আমাদের চালু রাখতে হবে।
৯ মাস পর্যটন বন্ধ রাখার কারণে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের অবস্থার উন্নয়ন ঘটেছে—সরেজমিন বিজ্ঞানভিত্তিক গবেষণা করে দেখা গেছে বলে জানান মন্ত্রী।
পরিবেশমন্ত্রী বলেন, এই সময়ে দ্বীপ প্রাকৃতিকভাবে তার পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার করার সুযোগ পায়।
মন্তব্য করুন
