শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বাবার হাতে ছেলে খুন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পিএম
গ্রাফিক্স : এনপিবি নিউজ
expand
গ্রাফিক্স : এনপিবি নিউজ

কুমিল্লার লালমাই উপজেলায় মাদকাসক্ত ছেলের হামলা থেকে আত্মরক্ষার চেষ্টায় বাবার হাতে ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের রামপুর কাজীবাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ অভিযুক্ত বাবা কাজী হিরন মিয়া (৭০)কে আটক করেছে। নিহত কাজী মোহাম্মদুল্লাহ (৪০) হিরন মিয়ার তৃতীয় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদুল্লাহ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং পরিবারের সদস্যদের ওপর প্রায়ই নির্যাতন চালাতেন। পিতা-মাতাকে মারধর ও পরিবারের অন্য সদস্যদের হয়রানির অভিযোগে কয়েক মাস আগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। চলতি মাসের ২ এপ্রিল কারামুক্ত হয়ে বাড়ি ফেরার পর আবারও আগের মতো আচরণ শুরু করেন তিনি।

ঘটনার দিন দুপুরে মাদকের টাকার জন্য বাবার কাছে চাপ সৃষ্টি করেন মোহাম্মদুল্লাহ। একপর্যায়ে তিনি হিরন মিয়াকে মারধর করেন এবং একটি ধারালো ছুরি নিয়ে আক্রমণের চেষ্টা করেন। ধস্তাধস্তির মধ্যে তিনি ঘরের বারান্দায় পড়ে গেলে হিরন মিয়া তাঁর হাত থেকে ছুরি ছিনিয়ে নেন। পরে উত্তেজিত অবস্থায় ছেলেকে জবাই করেন বলে জানা গেছে।

নিহতের বড় ভাই কাজী আহমেদ বলেন, তাঁর ভাই মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই সহিংস আচরণ করতেন। তিনি দাবি করেন, বাবাকে হত্যার উদ্দেশ্যে ছুরি নিয়ে এগিয়ে গেলে আত্মরক্ষার জন্যই এই ঘটনা ঘটে।

এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, ঘটনার পর হিরন মিয়া নিজেই থানায় ফোন করে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন