শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: গোপনে মীমাংসার অভিযোগে বিক্ষোভ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জে এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে ৩৫ হাজার টাকার বিনিময়ে গোপন সালিশের মাধ্যমে রক্ষা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ভুক্তভোগী কিশোরী স্থানীয় বাশিরা গ্রামের রিকশাচালক শাহ আলম শেখের মেয়ে। শাহ আলম শেখ জানান, গত মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে তার মেয়েকে ধর্ষণ করা হয়। তিনি আরও জানান, প্যানেল চেয়ারম্যান হিরন দোকানদারসহ কয়েকজন ৩৫ হাজার টাকার বিনিময়ে বিচার মীমাংসার চেষ্টা করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বুধবার রাতে লৌহজং থানায় মামলা দায়ের করেন। পরদিন পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মামুনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

অভিযুক্ত মামুন ফরাজি পটুয়াখালীর বাউফল উপজেলার চরবাদকাটি গ্রামের স্থায়ী বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে বাশিরা গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। তিনি স্থানীয় কাশেম হালদারের মেয়ের স্বামী বলে জানা গেছে।

এদিকে, ঘটনাটি স্থানীয়ভাবে গোপন সালিশ বৈঠকের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, কলমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিরন দোকানদার এবং কয়েকজন ব্যক্তি ওই সালিশে জড়িত ছিলেন।

অভিযোগ রয়েছে, মাত্র ৩৫ হাজার টাকার বিনিময়ে ওই সালিশে ধর্ষণকারীকে রক্ষা করার চেষ্টা করা হয়, যা এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা অবিলম্বে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং গোপন সালিশে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এঘটনায় কলমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিরন দোকানদারকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ধর্ষনের ঘটনায় অভিযোগের পর দিন অভিযুক্ত মামুনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী সালিশ মীমাংসার বিষয়ে কিছু বলেনি। যদি এমনটি হয়ে থাকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন