মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সালথার সম্ভাবনা নষ্ট করছে মাদক ও গোষ্ঠীগত দ্বন্দ্ব: জেলা প্রশাসক

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৬:০১ পিএম
ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যা
expand
ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যা

ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যা বলেছেন, কৃষিনির্ভর সালথা একটি সম্ভাবনাময় জনপদ হলেও মাদক ও গোষ্ঠীগত দ্বন্দ্ব এ অঞ্চলের উন্নয়ন সম্ভাবনাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। তিনি মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিনব্যাপী সালথা উপজেলা পরিষদ, থানা, ভূমি অফিস এবং এসএসসি পরীক্ষা কেন্দ্রসহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন শেষে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক জানান, সালথায় মাদক একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। পাশাপাশি গোষ্ঠীগত দ্বন্দ্বে জড়িয়ে কিছু প্রভাবশালী ব্যক্তি সাধারণ মানুষকে ব্যবহার করে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করছে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরীহ জনগণ। এসব ঘটনায় জড়িত হোতা ও মাতব্বরদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমানে চলমান এসএসসি পরীক্ষার প্রেক্ষাপটে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সালথার টেকসই উন্নয়নের জন্য শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সুশিক্ষিত সমাজ গড়ে উঠলে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সালথা নির্মাণ সম্ভব।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান, তদন্ত কর্মকর্তা ইন্দ্রোজিৎ মল্লিক, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন