

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে ডিজেল ও অকটেন মজুদ করে বেশি দামে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে প্রশাসন। এ সময় প্রায় ২ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।
রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত বাবুগঞ্জ উপজেলার আগরপুর বাজারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বরিশাল জেলার গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও এনএসআই-এর যৌথ অভিযানে পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।
অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে মেসার্স সুমন স্টোরের স্বত্বাধিকারী নুরুল ইসলামকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার দোকান থেকে ১ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
পরে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতিতে নিলামের মাধ্যমে ট্রলার, ট্রাক্টর, স্পিডবোট, আলফা ও মোটরসাইকেল চালকদের কাছে এসব ডিজেল বিক্রি করা হয়। যার মূল্য পাওয়া গেছে ১ লাখ ৬১ হাজার টাকা। এছাড়া জব্দ করা ৬০০ লিটার অকটেন স্থানীয় মোটরসাইকেল ও পাম্প চালকদের কাছে ৮৪ হাজার টাকায় বিক্রির প্রক্রিয়া চলমান রয়েছে। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। গোয়েন্দা সূত্রে জানা যায়, নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে তার সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০ থেকে ৬০ টাকা বেশি দামে বিক্রি করে আসছিলেন।
তিনি বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার এসএম ট্রেডার্স এর নামে মেঘনা অয়েল ডিপো থেকে তেল সংগ্রহ করে বাবুগঞ্জ উপজেলার আগরপুর বাজারে এনে মজুদ করতেন।গোয়েন্দারা তেলের গাড়ি অনুসরণ করে আগরপুর বাজারে এসে তার মালিকানাধীন পাঁচটি দোকান ও দুটি গোডাউনের সন্ধান পান।
পরবর্তীতে এনএসআই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। অভিযানে এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসন এবং আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন