

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানিকগঞ্জে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন নিয়ম চালু করেছে প্রশাসন। এখন থেকে তেল সংগ্রহ করতে হলে মোটরসাইকেল চালকদের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট রাখা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি মোবাইলে ফুয়েল ডিস্ট্রিবিউশন অ্যাপের মাধ্যমে গ্রাহকদের করতে হবে রেজিস্ট্রেশন।
নতুন এই নিয়ম অনুযায়ী, একজন চালক বা গ্রাহক ২৪ ঘণ্টার মধ্যে মাত্র একবার তেল সংগ্রহ করতে পারবেন। ফলে পেট্রোল পাম্পগুলোতে আগের তুলনায় ভিড় ও বিশৃঙ্খলা অনেকটাই কমে এসেছে।
বুধবার (৮ এপ্রিল) দিনভর জেলার বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, পুলিশের কঠোর নিরাপত্তা এবং প্রশাসনের তদারকিতে শান্তিপূর্ণ পরিবেশে তেল বিতরণ করা হচ্ছে।
পাম্প কর্তৃপক্ষ জানায়, মোবাইলে ফুয়েল ডিস্ট্রিবিউশন অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু থাকায় একজন গ্রাহক একাধিকবার তেল নিতে পারছেন না। এতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার ভোগান্তিও কমেছে।
তেল নিতে আসা কয়েকজন চালক জানান, নতুন এই পদ্ধতিতে পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরে এসেছে এবং আগের তুলনায় সহজে তেল পাওয়া যাচ্ছে।
পাম্প গুলোতে মনিটরিং করার সময় মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শায়খ শিহাব উদ্দীন বলেন, ফুয়েল পাম্পের যারা মালিক আছেন তারাই মূলত এই অ্যাপ ব্যবহার করবেন। ব্যবহার করে যে তথ্যটি দিবেন তা সার্বক্ষণিকভাবে জেলা প্রশাসনের মনিটরিং এ থাকবে। কে বা কোন গাড়ি কতটুকু তেল নিচ্ছে এবং ২৪ ঘন্টায় একই গাড়ি বিভিন্ন পাম্প থেকে তেল নেবার যে সমস্যাটি ছিল তা এই অ্যাপের মাধ্যমে সমাধান হচ্ছে। সেই ক্ষেত্রে কালোবাজারি যে সমস্যাটি ছিল তার সমাধান হচ্ছে। আমরা আশা করছি এই ফুয়েল ডিস্ট্রিবিউশন অ্যাপের মাধ্যমে সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে।
উল্লেখ্য, এর আগে সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার উপস্থিতিতে এবং জেলার পেট্রোল পাম্প মালিকদের নিয়ে জ্বালানি তেল পরিস্থিতি মনিটরিং বিষয়ক সভায় এই মোবাইল অ্যাপের বিষয় কার্যকর করতে তুলে ধরা হয়।
মন্তব্য করুন