বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হেলমেট ও ফিটনেস সনদ ছাড়া মিলবে না তেল

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১০:১৯ পিএম
র‍্যাব-৬ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে বিশেষ তদারকি অভিযান
expand
র‍্যাব-৬ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে বিশেষ তদারকি অভিযান

যশোরে সড়ক নিরাপত্তা জোরদার ও জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নির্দেশনায় র‍্যাব-৬ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে বিশেষ তদারকি অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে পরিচালিত এই অভিযানে পাম্প মালিকদের কড়া নির্দেশনা দেওয়া হয়—মোটরসাইকেলের ক্ষেত্রে চালক ও আরোহী উভয়ের হেলমেট না থাকলে জ্বালানি দেওয়া যাবে না। একই সঙ্গে বাস, ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ক্ষেত্রে বৈধ ও হালনাগাদ ফিটনেস সনদ নিশ্চিত না হলে তেল সরবরাহ বন্ধ রাখতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট পাম্পের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

অভিযান চলাকালে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ফুয়েল ট্যাংক থেকে অবৈধভাবে তেল বের করার প্রমাণ পাওয়া যায়। তবে চালক প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করায় এবং প্রথমবারের মতো অপরাধ বিবেচনায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

এ সময় মেসার্স মনির উদ্দিন আহম্মদ পেট্রোল পাম্প পরিদর্শন করে টিমটি। সেখানে পাম্প মালিক ও চালকদের বৈধ কাগজপত্র যাচাই ছাড়া তেল সরবরাহ না করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে পাম্প এলাকায় লিফলেট বিতরণ ও নির্দেশনামূলক পোস্টার টাঙানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬ এর অধিনায়ক মেজর ফজলে রাব্বি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় জেলা পুলিশ ও র‍্যাবের সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জ্বালানি খাতে অনিয়ম বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। আইন অমান্য করে তেল বিক্রি করলে পাম্পের লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন