

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৌলভীবাজার জেলায় পৃথক দুটি উপজেলায় পানিতে ডুবে একদিনে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিকেলে কুলাউড়া ও সন্ধ্যায় রাজনগর উপজেলায় এই দুর্ঘটনাগুলো ঘটে। অকালমৃত্যুর এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে গভীর শোকের আবহ বিরাজ করছে।
কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামে কালবৈশাখী ঝড়ের পর সৃষ্টি হওয়া জলাশয়ে ডুবে তিন শিশুর মৃত্যু হয়। বিকেল ৩টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করার সময় তারা এই দুর্ঘটনার শিকার হয়।
নিহতরা হলো- একই গ্রামের বাসিন্দা জিসান আহমেদ (১২), ইমাদ আহমেদ (৯) ও লাবিব আহমেদ (৭)। তারা সকলেই স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ঝড়ের কারণে নিচু জমিতে প্রচুর পানি জমে গিয়েছিল। শিশুরা সেখানে খেলতে গিয়ে হঠাৎ একটি গভীর গর্তে পড়ে তলিয়ে যায়। এক পথচারীর চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রবিরবাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের সালন গ্রামে পুকুরের পানিতে ডুবে শাহেল (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় আলতা মিয়ার ছেলে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
বিকেল থেকে নিখোঁজ থাকার পর সন্ধ্যায় বাড়ির পাশের পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত বলে নিশ্চিত করেন।
একই দিনে জেলায় চার শিশুর এমন মৃত্যুতে স্থানীয় অভিভাবক ও বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুম ও বৃষ্টির পর উন্মুক্ত জলাশয় বা নিচু জমিতে জমে থাকা পানির বিষয়ে শিশুদের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।
মন্তব্য করুন