

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অবৈধভাবে মজুদ রাখা ২৩২০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) গভীর রাতে উপজেলার উত্তর শিয়ালকাঠী ফকিরবাড়ি মোড় এলাকায় তানভির এন্টারপ্রাইজের একটি গুদামঘর থেকে ৯৫০ লিটার এবং এনএসআইয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই গ্রামের বানচারাম খাল সংলগ্ন সিদ্দিক মিরার বাড়ির উঠান থেকে ১৩৭০ লিটার তেল উদ্ধার করে জব্দ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জল হালদার এবং ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তানভির এন্টারপ্রাইজের গুদামে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ডিজেল জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক হাওলাদার জব্দ করা তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তা জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বুধবার দুপুরে এনএসআইয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই এলাকার বানচারাম খাল সংলগ্ন সিদ্দিক মিরার বাড়ির উঠান থেকে ১৩৭০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। মজুদকারী বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মোহাম্মদ সিদ্দিক মিরাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে বুধবার সকাল ১১টা এবং বিকেল ৫টার দিকে সরকারি নির্ধারিত মূল্যে প্রতি লিটার ৯৬ টাকা ৩৯ পয়সা দরে উন্মুক্ত নিলামের মাধ্যমে জব্দ করা তেল বিক্রি করা হয়। নিলামে অংশ নিয়ে বায়জিদ এন্টারপ্রাইজ ও ফয়সাল এন্টারপ্রাইজ ডিজেল ক্রয় করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জল হালদার জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে বার্তা ভবন সংলগ্ন খান এন্টারপ্রাইজে মূল্যতালিকা (রেট চার্ট) প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগে রিপন খান নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মন্তব্য করুন