

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের নগরকান্দা উপজেলায় খালার টাকার লোভে শ্বাসরোধ করে হত্যার চাঞ্চল্যকর ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ভাগিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে জামেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত জামেলা বেগম মৃত জমির ভুইয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে একাই বাড়িতে বসবাস করছিলেন।
এ ঘটনায় নিহতের ভাই শেখ মোতালেব বাদী হয়ে (২৯ মার্চ) নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ তদন্তে নামে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দ্রুত রহস্য উদঘাটনে অগ্রগতি লাভ করে।
মঙ্গলবার ভোর রাতে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান এবং নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল পার্শ্ববর্তী চরভদ্রাসন উপজেলার গাজিরটেক গ্রাম থেকে আলমগীর হোসেন (৪১) নামের এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন নিহত জামেলা বেগমের আপন ভাগিনা। তিনি দীর্ঘদিন বিদেশে থাকার পর ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং প্রায়ই খালার কাছে টাকা চাইতেন।
তদন্তে আরও জানা যায়, হত্যাকাণ্ডের আগের দিন আলমগীর তার খালার বাড়িতে অবস্থান করেন। গভীর রাতে সুযোগ বুঝে তিনি শ্বাসরোধ করে খালাকে হত্যা করেন। পরে ঘটনাটি ধামাচাপা দিতে মরদেহটি ঘরের পাশের সেপটিক ট্যাংকে ফেলে রাখেন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নগরকান্দা থানা কার্যালয়ে আয়োজিত জরুরি প্রেসব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের বিস্তারিত কারণ ও সম্ভাব্য অন্যান্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন