মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব এলাকায় সকালের মধ্যেই আসতে পারে ঝড়-বৃষ্টি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৪:১৫ এএম
বৃষ্টি
expand
বৃষ্টি

প্রখর রোদ সঙ্গী করে দেশের সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছে ৩৪ ডিগ্রিতে। এতে চৈত্রের গরমে নাকাল জনজীবন। সর্বত্রই গরমে হাঁসফাঁস প্রতিটি প্রাণ যেন এক পশলা স্বস্তির বৃষ্টির অপেক্ষায়। এই অবস্থায় খানিকটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালের মধ্যেই দেশের ১৫ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেই সঙ্গে টানা ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝরতে পারে স্বস্তির বৃষ্টি।

আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার মধ্যে পাবনা, টাঙ্গাইল, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ২ দিন বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বুধবার (১ এপ্রিল) একই সময় পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, মঙ্গল ও বুধবার দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এরমধ্যে মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও বুধবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি শুক্রবার (৩ এপ্রিল) একই সময় পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই দু’দিনে দেশের কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা নেই। তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

অন্যদিকে আগামী শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর এই সময়েও দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বোচ্চ ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে পাবনার ঈশ্বরদীতে ২২ মিলিমিটার ছাড়াও যশোরে ১৬, খুলনায় ১৩, সাতক্ষীরায় ১২, রাজশাহীর বাঘাবাড়ীতে ১১ মিলিমিটারসহ দেশের বেশকিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে।

অন্যদিকে সোমবার সন্ধ্যায় বরিশালে দেশের সর্বোচ্চ ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের প্রথমার্ধে তাপমাত্রা আরও বাড়তে পারে। সেই সঙ্গে এই সময়ের শেষদিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন