

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণ করে এক কিশোরীকে হত্যার মামলায় গ্রেপ্তার সাত আসামির প্রত্যেকের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১ মার্চ) বেলা সোয়া ১১টার পর মামলার রিমান্ড শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
নরসিংদী আদালতের পরিদর্শক সফি উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ড শুনানির সময় প্রধান আসামি নূর মোহাম্মদ ওরফে নূরাসহ গ্রেপ্তার সাত আসামিকে আদালতে হাজির করা হয়। তবে শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মধ্যবর্তী একটি শর্ষেখেত থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই রাতেই কিশোরীর মা মাধবদী থানায় মামলা করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়।
এজাহারভুক্ত ৯ আসামির মধ্যে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন—নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮), এবাদুল্লাহ (৪০), হযরত আলী (৪০), মো. গাফফার (৩৭), আহম্মদ আলী দেওয়ান (৬৫), ইমরান দেওয়ান (৩২) ও মো. আইয়ুব (৩০)। আহম্মদ আলী দেওয়ান মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং সদ্য বহিষ্কৃত ইউনিয়ন বিএনপির সহসভাপতি।
এজাহারভুক্ত অপর দুই আসামি ইছহাক ওরফে ইছা (৪০) ও আবু তাহের (৫০) এখনো পলাতক রয়েছেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, পুলিশ সাত আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেছিল। তবে শুনানি শেষে আদালত প্রত্যেকের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরও জানান, আসামিদের পর্যায়ক্রমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। রোববার থেকেই কিশোরীকে ধর্ষণ ও হত্যার সঙ্গে সরাসরি জড়িত চার আসামির জিজ্ঞাসাবাদ শুরু হবে।
মন্তব্য করুন
