রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তিনদিন পর স্বাভাবিক কার্যক্রমে বরিশাল আদালত

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৩:২৯ পিএম
বরিশাল আদালত
expand
বরিশাল আদালত

তিনদিন পর বিচারপ্রার্থী ও আইনজীবীদের পদচারণায় আবারও মুখর হয়ে উঠেছে বরিশাল আদালত প্রাঙ্গণ।

পূর্বঘোষিত আদালত বর্জন কর্মসূচি স্থগিত করে রোববার (১ মার্চ) সকাল থেকে কাজে ফিরেছেন আইনজীবীরা। এতে স্বস্তি ফিরেছে বিচারপ্রার্থীদের মধ্যে।

এর আগে বরিশাল জেলা আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনূসের জামিন আদেশকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিচারকের উপস্থিতিতেই এজলাসে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ অন্তত ২০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। মামলায় সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান লিংকন বর্তমানে কারাগারে রয়েছেন।

ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতার জামিন বাতিল, সংশ্লিষ্ট বিচারকের অপসারণ এবং সমিতির সভাপতি লিংকনের মুক্তির দাবিতে টানা তিন দিন আদালত বর্জন কর্মসূচি পালন করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এতে বিচারিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে এবং ভোগান্তিতে পড়েন বিচারপ্রার্থীরা।

পরবর্তীতে সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে আদালত বর্জনের কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেয় জেলা আইনজীবী সমিতি। একই সিদ্ধান্তে সায় দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর বরিশাল ইউনিট। ফলে রোববার থেকে বরিশালের আদালতগুলোতে স্বাভাবিক বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে মামলার হাজিরা দিতে আসা মো. কালাম হোসেন বলেন, বুধবার একবার এসে ফিরে গেছি। তখন দেখেছি আইনজীবীরা আদালত বর্জন করেছিলেন। আজ আবার এসেছি। এখন আশা করছি জামিন কার্যক্রম সম্পন্ন করতে পারবো।

জেলা আইনজীবী সমিতির সম্পাদক মির্জা মো. রিয়াজ হোসেন বলেন, সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীদের দুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। সে কারণেই আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক পৃথক বিবৃতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল ইউনিটের আহ্বায়ক মো. নাজিম উদ্দিন আহমেদ পান্না ও সদস্যসচিব আবুল কালাম আজাদ ইমন জানান, পরবর্তী কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচি স্থগিত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X