শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আন্ডারপাসের রেলিং ভেঙে ঝুলে থাকা ট্রাক পড়ল নিচে, নিহত ১

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম
আন্ডারপাসের রেলিং ভেঙে ঝুলে থাকা ট্রাক
expand
আন্ডারপাসের রেলিং ভেঙে ঝুলে থাকা ট্রাক

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইঘর এলাকায় একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আন্ডারপাসের ওপরের রেলিং ভেঙে ঝুলে পড়ে। এসময় রেলিংয়ের একটি বড় অংশ ভেঙ্গে পড়ে মোহর উদ্দিন (৩৫) নামে এক রিকশাচালক নিহত হন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫টায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নারায়ণগঞ্জ শাখার উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে আন্ডারপাসের রেলিং ভেঙে ঝুলে পড়ে। রেলিংয়ের একটি বড় অংশ মোহর উদ্দিনের মাথার ওপর পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। স্থানীয়দের মতে, ট্রাকে থাকা আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফারুক আহমেদ জানান, আহত মোহর উদ্দিনকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ফতুল্লা থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে এবং ট্রাক সরানোর ব্যবস্থা করে। তবে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সওজের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় আন্ডারপাসের হুইলগার্ড ও রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন