শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় দোকান ভাঙচুর ও লুটপাটের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ এএম
মানিক মিয়া
expand
মানিক মিয়া

কুমিল্লার নাঙ্গলকোটে নির্বাচনের দিন রাতে এক প্রবাসীর মার্কেট ভাঙচুর ও লুটপাটের মামলায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মানিক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার মৌকরা ইউনিয়নের মৌকরা গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাঁকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৌকরা চৌরাস্তার মৌড় এলাকায় হাজী লকিয়ত উল্লাহ টাওয়ারে প্রবাসী আবদুল কাইয়ূমের ‘সীমা এন্টারপ্রাইজ’ নামে একটি মার্কেট রয়েছে। সেখানে রেস্টুরেন্ট, হোটেল, ভাড়াটিয়া প্রতিষ্ঠান ও ‘আমার বস্ত্র বিতান’ নামে একটি শোরুম রয়েছে। গত ১২ ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তরা মার্কেটটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি প্রবাসী আবদুল কাইয়ূমের স্ত্রী পারুল বেগম বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।

এ বিষয়ে প্রবাসী আবদুল কাইয়ূম বলেন, মানিক মিয়া, তাঁর ছেলে বাবু, রানা ও রাফি নিয়মিত ৫ লাখ টাকা চাঁদা দাবি করছেন। পাশাপাশি মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি দুমকি দিয়ে আসছেন।

এ বিষয়ে প্রবাসীর স্ত্রী পারুল বেগম বলেন, নির্বাচনের দিন সন্ধ্যার পর মানিক মিয়া, তাঁর ছেলে বাবু, রানা ও রাফিসহ ২০ থেকে ৩০ জনের একটি দল তাঁদের দোকানে হামলা চালায়। ভাঙচুরের পর নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করা হয়। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ভাঙচুর ও লুটপাটের মামলায় মানিক মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X