শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: ভূমি প্রতিমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
expand
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা দুর্গাপুর উপজেলায় সরকারি সফর করেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব দুর্গাপুর গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের আয়োজনে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ ও সালাম গ্রহণ শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সর্বোচ্চ সরকারি সেবা পাওয়ার অধিকার রয়েছে। জনগণের সেবক হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। তিনি বলেন, আপনি এবং আমি জনগণের সেবা দিতে বাধ্য। টিমওয়ার্কের মাধ্যমে দুর্গাপুরকে দেশের অন্যতম দৃষ্টিনন্দন ও শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে।

দুর্গাপুরের সীমান্ত এলাকা ও পৌরশহরের বিভিন্ন স্থানে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন তিনি। একই সঙ্গে দুর্গাপুরে অনার্স কোর্স চালু, নারী শিক্ষার্থীদের জন্য নার্সিং কলেজ প্রতিষ্ঠায় সহায়তা এবং খেলাধুলার সুস্থ পরিবেশ তৈরিতে সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান জানান।

দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অতীতে কে কী করেছেন, তা দেখা হবে না; এখন থেকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, যারা জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে পারবেন না, তারা অন্যত্র বদলি হয়ে যেতে পারেন।

খাল, পুকুর ও জলাশয় পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমি কোনো দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। আসুন, সবাই মিলে জনবান্ধব প্রশাসন গড়ে তুলি।

মতবিনিময় সভা শেষে দুর্গাপুর পৌর মিলনায়তনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানার সভাপতিত্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পৃথক সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সেখানে জনবান্ধব সেবাদানের মানসিকতা গড়ে তোলার নির্দেশ দেন তিনি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X