শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ৫.৪ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম
ভূমিকম্পের সময়ের সিসিটিভি ফুটেজ।
expand
ভূমিকম্পের সময়ের সিসিটিভি ফুটেজ।

যশোরে শুক্রবার দুপুর ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে ৫.৪ মাত্রার মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটি-এ অবস্থিত আবহাওয়া দপ্তরের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা।

ভূমিকম্পের সময় জুমার নামাজ চলছিল। শহরের বিভিন্ন মসজিদ ও বহুতল ভবনে হঠাৎ তীব্র ঝাঁকুনি অনুভূত হলে মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নামাজের কাতারেই অস্থির হয়ে পড়েন।

শহরে অবস্থানরত আইনজীবী ইদ্রিস আলী বলেন, জুমার নামাজ চলাকালে হঠাৎ মসজিদ কেঁপে ওঠে। ঝাঁকুনির তীব্রতা এতটাই বেশি ছিল যে ভবনের ভেতরে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ে। ৭০ বছর বয়সে এমন কম্পন তিনি আগে অনুভব করেননি বলেও জানান।

ইখতেখার মাহমুদ বাবু জানান, তিনি মসজিদ থেকে বের হয়ে মোটরসাইকেলে উঠছিলেন। ঠিক তখনই মাটি কেঁপে ওঠে। পরিস্থিতি বুঝে দ্রুত মোটরসাইকেল থেকে নেমে যান।

নূর ইসলাম বলেন, এর আগে কখনো এমন ঝাঁকুনি অনুভব করেননি। তার মনে হচ্ছিল ভবনটি বুঝি ধসে পড়বে।

সাংবাদিক ইউনিয়ন যশোর-এর সভাপতি আকরামুজ্জামান বলেন, জুমার নামাজ শেষে প্রেসক্লাবে যাওয়ার পথে হঠাৎ মাটি কেঁপে ওঠে। মুহূর্তের জন্য ভারসাম্য হারানোর মতো পরিস্থিতি তৈরি হয়। তার ধারণা, উৎপত্তিস্থল আশপাশেই কোথাও ছিল বলেই এমন তীব্র কম্পন অনুভূত হয়েছে।

ঘটনার সময় প্রেসক্লাব যশোর-এ কয়েকজন সংবাদকর্মী অবস্থান করছিলেন। ঝাঁকুনি শুরু হতেই তারা দ্রুত ভবনের বাইরে বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাব ভবনের বেরিয়ে থাকা রডগুলো কাঁপতে দেখা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X