মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্রাম্যমাণ আদালতে সময় মবের চেষ্টা, তোপের মুখে পিছু হটলো প্রশাসন

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ পিএম
তোপের মুখে পিছু হটছে প্রশাসন
expand
তোপের মুখে পিছু হটছে প্রশাসন

পবিত্র মাহে রমজান উপলক্ষে যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক রাখতে শেরপুরের নালিতাবাড়ীতে উচ্ছেদ অভিযানে গিয়ে তোপের মুখে পিছু হটলো উপজেলা প্রশাসন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানায়, গত শনিবার সহকারি কমিশনার (ভূমি) আনিসুর রহমান এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান নালিতাবাড়ী শহরের প্রধান সড়কের দু’পাশ দখল করে রাখা ব্যবসায়ীদের মালামাল সরিয়ে যানবাহন চলাল এবং মানুষের চলাচল স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের অনুরোধ করে প্রচারণা করেন। পরে সোমবার বিকেলে শহরের মধ্যবাজার ও কালিবাড়ি এলাকায় প্রধান সড়কে দু’পাশে রাখা ব্যবসায়ীদের মালামাল উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় রাস্তা দখল করে রাখা মালামাল জব্দ করতে গেলে ব্যবসায়ীরা বাঁধা দেন।

একপর্যায়ে নালিতাবাড়ীর সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আনোয়ার হোসেনসহ অন্যান্যরা এসে ব্যবসায়ীদের শান্ত থাকার জন্য বলেন এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম স্থগিত করতে বলেন। এসময় উত্তেজিত ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের ওপর এবং ভ্রাম্যমাণ আদালতে আসা স্বেচ্ছাসেবীদের ওপর চড়াও হন। ফলে ভ্রাম্যমাণ আদালত স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন সহকারি কমিশনার (ভূমি)।

তবে, একাধিক সূত্র জানিয়েছে, স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে ঘটনাস্থলে এসেই সেখানে মবের সৃষ্টি করে। এসময় বাধ্য হয়ে ভ্রাম্যমাণ আদালত চলে যায়। গাড়ী চলে যাওয়ার সময়ও কেউ কেউ বিশৃঙ্খলার মধ্যে পড়ে। অভিযানে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা থাকলেও এতো মানুষের ভিড়ে কিছুই করতে পারেনি।

ব্যবসায়ীদের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের নামে তাদের দোকানপাটের মালামাল জব্দ করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় স্বেচ্ছাসেবীদের নিয়ে দোকানের মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করেন তারা। এসময় তারা স্বেচ্ছাসেবীদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

নালিতাবাড়ী ইলেক্ট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালত করার এখতিয়ার প্রশাসনের আছে। আমরা এর সম্মান জানাই। কিন্তু অফিসের লোক নয়, এমন স্বেচ্ছাসেবীদের নিয়ে দোকানে প্রবেশ করে মালামাল নিয়ে যাওয়ার এখতিয়ার তাদের নেই।

নালিতাবাড়ীর সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আনোয়ার হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতের নামে বারবার ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে। ব্যবসায়ীদের মালামাল জব্দ করে নিয়ে যাচ্ছে। এসময় ব্যবসায়ীরা আমাকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত ব্যবসায়ীদের নিবৃত করার চেষ্টা করি। আমি না গেলে পরিস্থিতি আরও খারাপ হতো।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, রাস্তার ওপর মালামাল না রাখতে গত শনিবার আমরা ব্যবসায়ীদের অনুরোধ করে এসেছি। আজ যে ঘটনা ঘটেছে তা নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

ভ্রাম্যমাণ আদালতের সহকারি কমিশনার (ভূমি) আনিসুর রহমান জানান, শনিবার তাদের প্রাথমিকভাবে অনুরোধ করে প্রচারণা করে এসেছি। আজ বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আমাদের কাজে বাধা প্রদান করা হয় এবং আদালতের ওপর চড়াও হয়। এমনকি তার কাছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কৈফিয়ত চাওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X