শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার একটি দলের স্বার্থে কাজ করছে: রফিকুল ইসলাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ এএম
expand
সরকার একটি দলের স্বার্থে কাজ করছে: রফিকুল ইসলাম

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভোটে ক্ষমতায় এলেও এখন একটি রাজনৈতিক দলের স্বার্থে কাজ করার চেষ্টা করছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার টিটু মিলনায়তনে আয়োজিত শহর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার এবং সংবিধানের মৌলিক সংস্কার ছাড়া যেকোনো নির্বাচনের আয়োজন জনগণ মেনে নেবে না। তিনি ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের দাবি জানান।

রফিকুল ইসলাম বলেন, জনগণ ড. ইউনূসকে আশা নিয়ে দায়িত্ব দিয়েছে। কিন্তু এখন তার চারপাশে কিছু ষড়যন্ত্রকারী সক্রিয় হয়ে উঠেছে, যারা সরকারকে বিভ্রান্ত করছে এবং তাকে একটি দলের প্রভাবাধীন করার চেষ্টা করছে।

তিনি আরও দাবি করেন, দেশের অধিকাংশ মানুষ আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন চায়। কারণ এই পদ্ধতি ছাড়া কালো টাকা, সন্ত্রাস ও ব্যালট বাক্স ছিনতাই প্রতিরোধ সম্ভব নয়।

জামায়াত নেতা বলেন, জুলাই অভ্যুত্থান কোনো দলীয় নেতৃত্বে হয়নি, বরং পুরো জাতির অংশগ্রহণেই ফ্যাসিবাদ থেকে মুক্তির জন্য আন্দোলন হয়েছে। তাই জনগণের আকাঙ্ক্ষা পূরণে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ নষ্ট করা যাবে না।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতের শীর্ষ নেতাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত বিচারক, আইনজীবী ও সাক্ষীদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে প্রশাসনের ভেতরে যারা ফ্যাসিবাদের সহযোগী হিসেবে কাজ করছে, তাদেরও চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী, বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন