

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজাগামী ত্রাণবাহী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’ থেকে আটককৃত সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ ১৭১ জনকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তিপ্রাপ্তদের গ্রিস ও স্লোভাকিয়ায় পাঠানো হয়েছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, নৌবহরটি গাজায় মানবিক ত্রাণ নিয়ে প্রবেশের চেষ্টা করায় এসব কর্মীকে আটক করা হয়েছিল। পরে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রচেষ্টার পর তাদের মুক্তি দেওয়া হয়।
মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে গ্রিস, ইতালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, জার্মানি, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য, সার্বিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন।
এই ঘটনা এমন সময় ঘটল, যখন মিশরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনা শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে হামাসের প্রতিনিধি দল মিশরে পৌঁছেছে এবং ইসরায়েলি প্রতিনিধিদেরও সোমবার পৌঁছানোর কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা আশা করছে এই আলোচনার মধ্য দিয়েই দুই বছর ধরে চলমান গাজা যুদ্ধের অবসান ঘটবে। শান্তি আলোচনার অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে লিখেছেন, “আমাকে বলা হয়েছে প্রথম ধাপ এই সপ্তাহেই শেষ হবে। আমি সবাইকে দ্রুত অগ্রসর হতে বলেছি।”
হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন খলিল আল-হায়া, যিনি গত মাসে দোহায় ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিলেন। অন্যদিকে রেডক্রস জানিয়েছে, তারা গাজায় ত্রাণ কার্যক্রমে সহায়তা এবং হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের দেশে ফেরাতে প্রস্তুত রয়েছে।
মন্তব্য করুন
