

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রীসে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
ইসরায়েলি সূত্রগুলোর বরাতে সোমবার (৬ অক্টোবর) জানানো হয়, গ্রেটা থুনবার্গসহ আটক গ্রীক নাগরিক ও অন্যান্য আন্তর্জাতিক কর্মীদের গ্রীসে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।
গাজার অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দিতে এই নৌবহরটি যাত্রা শুরু করেছিল। তবে ইসরায়েলি বাহিনী অভিযানে গিয়ে ফ্লোটিলার জাহাজগুলো আটক করে এবং শতাধিক অংশগ্রহণকারীকে হেফাজতে নেয়।
ইসরায়েলি গণমাধ্যমের তথ্যমতে, প্রথম পর্যায়ে ১৬৫ জন কর্মীকে গ্রীসে পাঠানো হবে। তাদের মধ্যে বেশ কয়েকজন গ্রীক নাগরিকও রয়েছেন, যারা ফ্লোটিলার সদস্য হিসেবে আটক হয়েছিলেন।
এর আগে গত বুধবার, ইসরায়েলের নিরাপত্তা বাহিনী গাজা অভিমুখী এই মানবিক নৌবহরে অভিযান চালায়। এতে অন্তত ৪০০ জনেরও বেশি কর্মী, সংসদ সদস্য, আইনজীবী ও মানবাধিকারকর্মীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে কিছুজনকে আগেই ফেরত পাঠানো হয়েছে, তবে অনেকের বিরুদ্ধে এখনও আইনি প্রক্রিয়া চলছে।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, গ্রেটা থুনবার্গ সুইডিশ কর্তৃপক্ষকে জানিয়েছেন, আটক অবস্থায় তাকে নোংরা বিছানা, অপর্যাপ্ত খাবার ও পানির মধ্যে একটি কক্ষে রাখা হয়েছিল।
অন্য অংশগ্রহণকারীদের ভাষ্য অনুযায়ী, থানবার্গের সঙ্গে অপমানজনক আচরণ করা হয়েছে। তুরস্কের মানবাধিকারকর্মী এরসিন সেলিক দাবি করেন, ইসরায়েলি বাহিনী থানবার্গকে শারীরিকভাবে নির্যাতন করেছে এবং তাকে জোর করে ইসরায়েলের পতাকায় চুম্বন করানো হয়েছে।
একইসঙ্গে ইতালীয় সাংবাদিক লরেঞ্জো ডি’অগোস্টিনো বলেন, আমাকে এমনভাবে ইসরায়েলের পতাকায় মুড়িয়ে রাখা হয়েছিল যেন আমি কোনো ট্রফি বা পুরস্কার।
বিশ্বজুড়ে মানবিক সংগঠনগুলো এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং ফ্লোটিলার সদস্যদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।
মন্তব্য করুন
