

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তানের অন্যতম বড় বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজের সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করেছে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা। মহররম উপলক্ষে প্রচারিত একটি অনুষ্ঠানে ধর্মীয়ভাবে সংবেদনশীল বিষয়বস্তু দেখানোর অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (পেমরা) অভিযোগ, গত ২৬ জুন প্রচারিত ওই অনুষ্ঠানে এমন কিছু দৃশ্য দেখানো হয়, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এবং সামাজিক সম্প্রীতি ও জনশৃঙ্খলার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
তবে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে জিও নিউজ। রোববার এক বিবৃতিতে চ্যানেলটি জানায়, ওই ফুটেজ অনিচ্ছাকৃতভাবে প্রচারিত হয়েছিল এবং এটি তাদের নীতিগত অবস্থান বা বিশ্বাসের প্রতিফলন নয়। বিতর্কিত কনটেন্ট সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
জিও নিউজের ভাষ্য, সম্প্রচারিত ভিডিওতে ইরাক ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলের ধর্মীয় আচার তুলে ধরা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল সংস্কৃতি ও স্থানীয় রীতিনীতি দেখানো, কোনো নির্দিষ্ট ধর্মীয় অবস্থানকে সমর্থন করা নয়।
পেমরা জানিয়েছে, সম্পাদকীয় যাচাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা নিতে ব্যর্থ হয়েছে চ্যানেলটি। এ কারণে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিষয়টি কাউন্সিল অব কমপ্লেইন্টসের কাছে পাঠানো হয়েছে।
পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে। দেশটিতে বিভিন্ন সময় টেলিভিশন চ্যানেলগুলোর বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থার ব্যবস্থা, সম্প্রচার স্থগিত এবং সম্প্রচার-সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
২০২৬ সালের বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩তম বলে জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স।
