

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টানা ষষ্ঠ রাতের মতো ইরানে বড় ধরনের হামলা চালানোর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী বন্দর আব্বাসে বিদ্যুৎ স্থাপনা, রেলস্টেশনসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় কর্মকর্তারা।
স্থানীয় প্রশাসনের ভাষ্য, হামলার ফলে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এদিকে, ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অবস্থানরত বিমানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একই সময়ে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় তারা প্রতিরক্ষামূলক ব্যবস্থা জোরদার করেছে। দেশটির আকাশসীমা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে, ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, চলমান সংঘাতের পর হরমুজ প্রণালির পরিস্থিতি আর আগের অবস্থায় ফিরে যাবে না। তার এ মন্তব্য মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ওপর আরোপিত অবরোধ কার্যকর করতে ওমান উপসাগরে একটি জাহাজে অভিযান চালিয়ে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে।
তবে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি। চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।