বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে ১০ দিনের যুদ্ধে কোন দেশে কতজন নিহত?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৮:১০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

গত ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে ইরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। এর জবাবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। পাল্টাপাল্টি হামলা এখনো অব্যাহত রয়েছে।

এই সংঘাতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক ও বেসামরিক নাগরিক, নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন। নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

যুদ্ধ শুরুর পর থেকে গত সোমবার (৯ মার্চ) পর্যন্ত ১০ দিনে বিভিন্ন দেশের প্রকাশিত মৃত্যুর সংখ্যা তুলে ধরেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

ইরান

মানবাধিকার গোষ্ঠী ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে সোমবার পর্যন্ত কমপক্ষে ১,২৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে যুদ্ধের প্রথম দিনে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন স্কুলছাত্রী ও কর্মচারী নিহত হন।

তবে সামগ্রিক মৃতের সংখ্যায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের সামরিক হতাহতের ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

অন্যদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, গত সপ্তাহে শ্রীলঙ্কার উপকূলে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে গেলে ১০৪ জন নিহত হন। তবে এই সংখ্যা রেড ক্রিসেন্টের পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়নি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটিতে ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সোমবার দক্ষিণ লেবাননে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। গত সপ্তাহে ইরানের সমর্থনে ইসরায়েলে হামলার পর হিজবুল্লাহর সঙ্গে পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর এটি প্রথম সেনা হতাহতের ঘটনা।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, যুদ্ধের দ্বিতীয় দিন (১ মার্চ) জেরুজালেমের কাছে বেইত শেমেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হন, যার মধ্যে ৯ জন একই ঘটনায় নিহত হন।

লেবানন

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৯৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮৩ জন শিশু রয়েছে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলায় কমপক্ষে ২,৩৩৯ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

যুক্তরাষ্ট্র

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে অভিযানের সময় সাতজন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। তবে ইরানের দাবি, এই যুদ্ধে কমপক্ষে ২৫০ জন মার্কিন সেনা নিহত হয়েছে।

সৌদি আরব

রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে আল-খার্জ শহরের একটি আবাসিক এলাকায় একটি প্রজেক্টাইল পড়ে দুইজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

ইরাক

ইরাকি পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ইরানের হামলায় এখন পর্যন্ত দেশটিতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।

এছাড়া গত ৫ মার্চ ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের একজন কমান্ডার তার গাড়িতে বিমান হামলায় নিহত হয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছে দেশটির পুলিশ সূত্র।

বাহরাইন

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ ভোরে সালমান ইন্ডাস্ট্রিয়াল এলাকায় দায়িত্ব পালনকালে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হওয়া একটি ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বাংলাদেশি প্রবাসী আবুল মহসিনের মাথায় পড়ে, এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কুয়েত

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ইরানের হামলায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়া কর্তব্যরত অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা ও দুই সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

ওমান

মাস্কাট উপকূলে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি পণ্যবাহী ট্যাঙ্কারে প্রজেক্টাইল আঘাত করলে একজন নিহত হন।

সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন। নিহতরা বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের নাগরিক।

সিরিয়া

২৮ ফেব্রুয়ারি দক্ষিণ সিরিয়ার শহর সোয়েইদায় একটি ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করলে চারজন নিহত হন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা।

সূত্র : রয়টার্স

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন