সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১০:২৭ পিএম
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
expand
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা (এফআইআর) করেছে কলকাতা পুলিশ। মামলায় আদালতের নির্দেশ অবমাননাসহ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কাজে বাধা দান এবং আদালতের নির্ধারিত সময়ের পরেও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের শনিবারের (২৯ আগস্ট) প্রতিবেদনে বলা হয়, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠান নিয়ে সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হেস্টিংস থানায় মামলাটি করা হয়। মমতা ছাড়াও অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

শুক্রবার হাইকোর্টের নির্দেশ মতো কলকাতায় ক্যাথিড্রাল রোডে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের সভা করে কালীঘাট শিবির। ওই কর্মসূচির জন্য বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিল আদালত। হাইকোর্টের নির্দেশ ছিল, রাস্তার একটি ফ্ল্যাঙ্ক খোলা রেখে অনুষ্ঠান করতে হবে। কিন্তু বাস্তবে দেখা যায়, উভয় দিকের লেনই বন্ধ হয়ে যায়। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সভার অনুমতি দিয়েছিল আদালত। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও কর্মসূচি শেষ হয়নি বলে অভিযোগ।

পুলিশের অভিযোগ, সভা চলাকালীন মমতার বক্তব্য ও ইশারার পর কর্মী-সমর্থকেরা ব্যারিকেড সরিয়ে পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এর জেরে ক্যাথিড্রাল রোডে যান চলাচলও ব্যাহত হয় বলে পুলিশের দাবি।

শুক্রবার এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘দেখলেন না আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কীভাবে হাইকোর্টের অর্ডারকে ভাঙলেন! রাস্তার একটি ফ্ল্যাঙ্ক ছেড়ে করতে বলেছিল। একদম গাছের নিচে থাকা লোককে ডেকে রাস্তা বন্ধ করিয়ে কী করলেন! আমি পুলিশকে বলেছি এফআইআর রেজিস্ট্রার করতে এবং ওর বিরুদ্ধে হাই কোর্টে মুভ করতে। ছাড়া হবে না।’

সূত্র: আনন্দবাজার

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন