

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারত ও কুয়েত সামরিক বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে উভয় দেশের যৌথ প্রতিরক্ষা কমিটির (জেডিসি) প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই সামরিক সহযোগিতার জোরদারের বিষয়ে এ সিদ্ধান্ত হয়। সাম্প্রতিক সময়ে পাকিস্তান, সৌদি ও তুরস্কের মধ্যে মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই এমন সিদ্ধান্ত আসল।
এক প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, বৈঠকে উভয় দেশ প্রশিক্ষণ, যৌথ সামরিক মহড়া, সামরিক চিকিৎসা, স্টাফ আলোচনা, প্রতিরক্ষা শিল্প এবং গবেষণা ও উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালে ভারতের প্রধানমন্ত্রীর কুয়েত সফরের সময় প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে এক সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। সেই সমঝোতা স্বারকের লক্ষ্য বাস্তবায়নে জেডিসির এ বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন ভারতের যুগ্ম সচিব অমিতাভ প্রসাদ এবং কুয়েতের প্রতিনিধি দলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রায়েদ আল-সাকরান। ভারতের পক্ষ থেকে তিন বাহিনীর প্রতিনিধি ছাড়াও প্রতিরক্ষা উৎপাদন বিভাগ, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, সশস্ত্র বাহিনীর চিকিৎসা পরিষেবা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক বৈঠকের আগে ব্রিগেডিয়ার জেনারেল রায়েদ আল-সাকরান নয়াদিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ‘ভারতীয় শহিদদের’ প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও কুয়েতি প্রতিনিধি দল প্রতিরক্ষা খাতের সরকারি সংস্থাগুলোর ভবন পরিদর্শন করে। সেখানে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে যৌথ আলোচনা হয়।
মন্ত্রণালয় আরও জানায়, ভারত ও কুয়েতের মধ্যে ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ১৯৬২ সালে দেশ দুটির মধ্যে প্রথম কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। ভৌগোলিক নৈকট্য, ঐতিহাসিক বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক মিল এবং কুয়েতে বিপুল সংখ্যক ভারতীয়র উপস্থিতি দেশ দুটির মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক সমৃদ্ধ করে চলেছে। ২০২৪ সালে নরেন্দ্র মোদির কুয়েত সফরের মধ্য দিয়েই দেশ দুটির মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদার হয়।
সূত্র: গালফ নিউজ


