

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বয়ফ্রেন্ড ভাড়া’ দেওয়ার বিজ্ঞাপন দেখে আগ্রহী হলে বিপদে পড়তে পারেন। ভারতে সম্প্রতি এমন কিছু বিজ্ঞাপন ছড়িয়ে পড়ার পর নতুন ধরনের সাইবার প্রতারণা নিয়ে সতর্ক করেছে হায়দ্রাবাদ পুলিশ।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, এসব বিজ্ঞাপনে একাকীত্ব দূর করা, কফি খাওয়া, সিনেমা দেখা, শপিং কিংবা বিয়ের অনুষ্ঠানে সঙ্গী হিসেবে তরুণ ভাড়া নেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। কোনো কোনো বিজ্ঞাপনে আবার ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের কথাও উল্লেখ রয়েছে। বিভিন্ন প্যাকেজের জন্য ৪৯৯ থেকে ৪ হাজার ৪৯৯ টাকা পর্যন্ত মূল্য দেখানো হয়েছে।
হায়দ্রাবাদ পুলিশ কমিশনার ভিসি সজ্জনা বলেন, বিজ্ঞাপনগুলো আসলে তরুণীদের লক্ষ্য করে তৈরি করা একটি নতুন ধরনের সাইবার প্রতারণার কৌশল। বিজ্ঞাপনে ব্যবহৃত পুরুষদের ছবির সঙ্গে বাস্তব ব্যক্তির কোনো সম্পর্ক নেই বলেও তদন্তে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে তৈরি করা হয়ে থাকতে পারে।
পুলিশের তথ্য অনুযায়ী, বিজ্ঞাপনে সাড়া দিয়ে কেউ নিজের ব্যক্তিগত তথ্য দিলে প্রতারকেরা প্রথমে তার সঙ্গে যোগাযোগ করে। কথাবার্তার মাধ্যমে বিশ্বাস তৈরি করার পর বুকিং নিশ্চিত করার নামে অগ্রিম টাকা চাওয়া হয়। এরপর ওয়ালেট ট্রান্সফার বা কিউআর কোডের মাধ্যমে টাকা নেওয়া হয়। টাকা পাওয়ার পর যোগাযোগের মাধ্যম বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।
এখন পর্যন্ত এ ধরনের প্রতারণার শিকার কেউ সরাসরি পুলিশের কাছে অভিযোগ করেননি বলে জানিয়েছেন হায়দ্রাবাদের পুলিশ কমিশনার। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনগুলোর উপস্থিতি থেকেই পুলিশ ধারণা করছে, প্রতারণার এই কৌশলটি সম্প্রতি সক্রিয় হয়েছে।
সজ্জনার বলেন, কারা এই প্রতারণা পরিচালনা করছে এবং এর পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এর কার্যক্রম হায়দ্রাবাদের বাইরে অন্য কোনো রাজ্য থেকেও পরিচালিত হতে পারে।
এ ধরনের প্রতারণায় শুধু অর্থ হাতিয়ে নেওয়াই নয়, ব্যক্তিগত তথ্য ও ছবি অপব্যবহারের ঝুঁকিও রয়েছে। পুলিশ আশঙ্কা করছে, প্রতারকেরা ফোন নম্বর বা ব্যক্তিগত ছবি সংগ্রহ করে পরে ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারে।
তাই সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত এমন কোনো বিজ্ঞাপনে সাড়া দেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। সন্দেহজনক বিজ্ঞাপন চোখে পড়লে বা কেউ প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
মনোবিজ্ঞানী অনিতা আরে মনে করেন, কিশোর-কিশোরীদের এ ধরনের অনলাইন প্রলোভন সম্পর্কে সচেতন করা জরুরি। বয়ঃসন্ধিকালে নতুন সম্পর্কের প্রতি আগ্রহ তৈরি হওয়া স্বাভাবিক। তাই শুধু নেতিবাচকভাবে বিষয়টি না দেখে সন্তানদের সঙ্গে খোলামেলা আলোচনা করে অনলাইন প্রতারণার ঝুঁকি বোঝানো প্রয়োজন।
তার মতে, অপরিচিত ব্যক্তির আকর্ষণীয় কথাবার্তা বা প্রতিশ্রুতিতে সহজে বিশ্বাস না করার বিষয়টিও কিশোর-কিশোরীদের শেখানো দরকার।
ভারতে সাইবার অপরাধের প্রবণতা সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশটিতে ৬৫ হাজার ৮৯৩টি সাইবার অপরাধের মামলা নথিভুক্ত হয়েছিল। ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৮৬ হাজার ৪২০টিতে। ২০২৪ সালে মোট মামলা হয়েছে ১ লাখ ১ হাজার ৯২৮টি।
এর মধ্যে নারীদের সংশ্লিষ্টতায় নথিভুক্ত হয়েছে ১৮ হাজার ৬১৫টি মামলা। সাইবার ব্ল্যাকমেইলিংয়ের ৬০১টি মামলার মধ্যে ৩৭০টিতে নারী ভুক্তভোগী ছিলেন।
নতুন এই ‘রেন্ট বয়ফ্রেন্ড’ কৌশল তাই অনলাইনে পরিচিত বা আকর্ষণীয় কোনো অফারের আড়ালে থাকা প্রতারণার বিষয়ে আরও সতর্ক থাকার প্রয়োজনীয়তাই সামনে আনছে।


